রেপটাইলস ফার্ম লিমিটেডের বন্ধকী স্থায়ী ও অস্থায়ী সম্পত্তি গতকাল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল লিজিংয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান উদ্দীপনের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সিইও বিদ্যুৎ কুমার বসুর নিকট রেপটাইল ফার্মের বন্ধকী স্থায়ী ও অস্থায়ী সম্পত্তি হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, মো. সফিকুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. মেফতাউল করিম, ব্যারিস্টার মুহাম্মদ আশরাফ আলী, মো. এনামুল হাসান প্রমুখ। 

ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান বলেন, ‘‌কোর্টের নির্দেশে কুমির ফার্ম আমরা যখন অধিগ্রহণ করেছি, তখন প্রায় দুই হাজারের কাছাকাছি কুমির মারা গেছে। ওই রকম একটা সময়ে আমরা ফার্মটি নিজের হাতে তুলে নিয়েছি। এছাড়া ওই জায়গায় অনেক পাখিও আসে। ফলে সে জায়গা বন্ধ করে দিয়ে যদি জমিজমা বন্ধ করে দিই, তাহলে সে আবাসস্থলটা নষ্ট হয়ে যাবে। এরই পরিপ্রেক্ষিতে আমরা একাধিকবার টেন্ডার আহ্বান করি। যারা সর্বোচ্চ দর দিয়েছে, তাদের কাছে হস্তান্তর করেছি।’