শিকাগো বোর্ড ট্রেডে (সিবিওটি) গতকাল কমেছে গমের দাম। বিশ্ববাজারে সরবরাহ বাড়ায় শস্যটির বাজারে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। বিশেষ করে চীন যুক্তরাষ্ট্র থেকে গমের ক্রয়াদেশ আরো কমিয়ে দেয়ায় বাজার চাপের মুখে পড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
এদিকে গমের পাশাপাশি ভুট্টার দামও কমেছে। দাম বেড়েছে সয়াবিনের। দক্ষিণ আমেরিকার দেশগুলোয় ঊর্ধ্বমুখী উৎপাদন ভুট্টার দাম কমার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।
সিবিওটিতে গতকাল গমের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম দশমিক ১ শতাংশ কমে বুশেলপ্রতি ৫ ডলার ৪৬ সেন্টে উন্নীত হয়েছে। অন্যদিকে ভুট্টার দাম দশমিক ২ শতাংশ কমে বুশেলপ্রতি ৪ ডলার ৪০ সেন্টে নেমেছে। তবে সয়াবিনের দাম প্রতি বুশেলে দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ ডলার ৮২ সেন্টে।
বাজারসংশ্লিষ্টরা জানান, বেশ কয়েক সপ্তাহ ধরে রাশিয়ান গমের রফতানি মূল্য কমছে। ফলে আমদানিকারক দেশগুলো রুশ গমের প্রতি আকৃষ্ট হচ্ছে। কমছে মার্কিন গমের চাহিদা।
মার্কিন কৃষি বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের বেসরকারি রফতানিকারকরা চীনের বুকিং দেয়া ২ লাখ ৬৪ হাজার টন গমের ক্রয়াদেশ বাতিল করতে বাধ্য হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো ক্রয়াদেশ বাতিল করল যুক্তরাষ্ট্র।










