চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেট পূর্বাভাসের চেয়ে বেশি আয় ও মুনাফা করেছে। কোম্পানিটির সামগ্রিক ব্যবসায় প্রভাব ফেলেছে ডিজিটাল বিজ্ঞাপন ও ক্লাউড কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদা। খবর রয়টার্স।
প্যারিস অলিম্পিক ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের নির্বাচন ঘিরে সম্প্রতি ডিজিটাল অ্যাডের চাহিদা বেড়েছে। এতে বাড়তি আয় ও মুনাফার দেখা পাচ্ছে অ্যালফাবেট। একই সঙ্গে সফটওয়্যার ব্যবসায়ও ভালো সময় পার করছে। এছাড়া গতি পেয়েছে জেনারেটিভ এআইনির্ভর ক্লাউড ব্যবসা।
জুনে শেষ হওয়া প্রান্তিকে অ্যালফাবেটের নিট আয় ২৮ দশমিক ৬ শতাংশ বেড়ে ২ হাজার ৩৬০ কোটি ডলারে পৌঁছেছে। এ সময়ে ২ হাজার ২৯০ কোটি ডলার আয়ের পূর্বাভাস দেয়া হয়েছিল।
তবে আর্থিক প্রতিবেদন প্রকাশের পর কোম্পানির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ওইদিন অ্যালফাবেটের শেয়ার প্রাথমিকভাবে ২ শতাংশ বাড়ে। পরে প্রায় একই পরিমাণে কমে যায়। মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও চলতি বছর কোম্পানির শেয়ারের দাম ৩০ শতাংশ বেড়েছে, একই সময়ে ন্যাসডাক কম্পোজিট ইনডেক্স বেড়েছে ২০ শতাংশ।
গ্লোবাল এক্সের বিশ্লেষক আইডো ক্যাসপি বলেন, ‘আরেকটি প্রান্তিকে গুগল আয়ের ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেল। এক্ষেত্রে বিজ্ঞাপন বিক্রি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভূমিকা রেখেছে।’
এলএসইজির তথ্যমতে, এর আগে অ্যালফাবেটের মোট আয় ৮ হাজার ৪১৯ কোটি ডলার হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। তবে এ সময় কোম্পানিটির আয় ১৪ শতাংশ বেড়ে ৮ হাজার ৪৭৪ কোটি ডলারে পৌঁছেছে। একই সময়ে ইউটিউবের বিজ্ঞাপন থেকে আয় ১৩ শতাংশ বেড়ে ৮৬৭ কোটি ডলারে উন্নীত হয়েছে।
অন্যদিকে ক্লাউড কম্পিউটিং পরিষেবা থেকে আয়কে কোম্পানিটির প্রযুক্তি ব্যয়ের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। চলতি সপ্তাহ নাগাদ এ খাত থেকে আয় ২৮ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫ কোটি ডলারে পৌঁছেছে। তবে বিশ্লেষকরা ধারণা করছিলেন এ খাতের আয় সর্বোচ্চ ১ হাজার ১৬ কোটি ডলার হতে পারে।
অ্যালফাবেট বলছে, জুনে শেষ হওয়া প্রান্তিকে তাদের মূলধন ব্যয় ছিল ১ হাজার ৩০০ কোটি টাকা। কোম্পানিটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রুথ পোরাট জানান, বছরের বাকি সময়ে এ ব্যয় ১ হাজার ২০০ কোটি ডলার বা তার চেয়ে বেশি হবে। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ ধরনের ব্যয় ৯১ শতাংশ বেড়ে ১ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছেছিল।
এদিকে ইসরায়েলি স্টার্টআপ উইজ ২ হাজার ৩০০ কোটি ডলারে অধিগ্রহণ করতে যাচ্ছে অ্যালফাবেট। এ নিয়ে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা স্টার্টআপটির সঙ্গে আলোচনাও শেষ করেছে কোম্পানিটি।










