মন্দা ভাব দেখা গেছে যুক্তরাষ্ট্রের কয়লা উত্তোলনে। গত ২৮ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির খনিগুলো থেকে জ্বালানি পণ্যটির উত্তোলন আগের সপ্তাহের তুলনায় ৫ শতাংশের বেশি কমে এক কোটি শর্টটনের কাছাকাছি নেমে এসেছে। এর জের ধরে চলতি বছর দেশটির কয়লা উত্তোলনে মন্দা ভাব বজায় থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও মাইনিংডটকম।
ইআইএর প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের খনিগুলো থেকে সব মিলিয়ে ১ কোটি ৬ লাখ শর্টটন কয়লা উত্তোলন হয়েছে। আগের সপ্তাহের তুলনায় এ সময় দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন কমেছে ৫ দশমিক ২ শতাংশ। আগের সপ্তাহের পাশাপাশি ২০১৯ সালের একই সপ্তাহের তুলনায় এ সময় দেশটিতে কয়লা উত্তোলন ১০ দশমিক ৬ শতাংশ কমে এসেছে।
২০২০ সাল শেষ হতে আরো চার সপ্তাহ বাকি রয়েছে। এর মধ্যে বছরের প্রথম ৪৮ সপ্তাহে যুক্তরাষ্ট্রের খনিগুলো থেকে সব মিলিয়ে ৪৯ কোটি ৩০ লাখ শর্টটন কয়লা উত্তোলন হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইআইএ। এর মধ্য দিয়ে এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ।
প্রতিষ্ঠানটির সাম্প্রতিক পূর্বাভাসে বলা হয়েছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের খনিগুলো থেকে সব মিলিয়ে ৫৩ কোটি ৬০ লাখ শর্টটন কয়লা উত্তোলন হতে পারে, যা আগের বছরের তুলনায় ২৩ দশমিক ৯ শতাংশ কম।










