ছয় বছরেরও বেশি সময় ধরে উৎপাদনে না থাকা তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেডকে ২০১৭-২২ পর্যন্ত পুঞ্জিকা বর্ষের ঝুলে থাকা বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। কোম্পানিটিকে হাইকোর্টের নির্দেশনা-পরবর্তী আট সপ্তাহের মধ্যে গত ছয় বছরের এজিএম-সংক্রান্ত তারিখ, সময় ও স্থান আহ্বান করতে বলা হয়েছে। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে সিঅ্যান্ডএ টেক্সটাইল।
তথ্য অনুসারে, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা-পরবর্তী আট সপ্তাহের মধ্যে গত ছয় বছরের এজিএম আহ্বান করতে বলা হয়েছে। এক্ষেত্রে কোম্পানিটি এসব ঝুলে থাকা এজিএমের তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে নির্ধারণ করে জানাবে।
এদিকে কোম্পানিটি তাদের বর্তমান অবস্থান সম্পর্কে জানিয়েছে, তারা সিঅ্যান্ডএ টেক্সটাইলের গার্মেন্ট ও টেক্সটাইল উভয় বিভাগের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রতিস্থাপন ও পরীক্ষার কার্যক্রম শেষ করেছে। এছাড়া কোম্পানির পরীক্ষামূলক উৎপাদনও সম্পন্ন হয়েছে। কোম্পানিটি ঈদুল আজহার পর শিগগিরই তাদে=র গার্মেন্ট ও টেক্সটাইল বিভাগের কার্যক্রম শুরু করতে পারবে বলে মনে করছে।
দীর্ঘদিন বন্ধ থাকা কোম্পানিটির অভ্যন্তরীণ সংস্কারকাজ শেষে শিগগিরই পূর্ণাঙ্গ উৎপাদনে ফেরানোর চেষ্টায় রয়েছে নতুন মালিকানায় আসা আলিফ গ্রুপ কর্তৃপক্ষ। গ্রুপটির আরো দুটি কোম্পানি বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। বস্ত্র খাতের কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইল ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ছেড়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৪৫ কোটি টাকা সংগ্রহ করে। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই উৎপাদন বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। আটকে যায় লগ্নিকারী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রায় ২১৬ কোটি টাকা।










