এয়ারবাস এ৩৩০-এর জায়গায় নতুন জেনারেশনের আরো জ্বালানিসাশ্রয়ী উড়োজাহাজ প্রতিস্থাপনের পরিকল্পনা করছে মালয়েশিয়া এয়ারলাইনস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইজহাম ইসমাইল এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্স।
মালয়েশিয়া এয়ারলাইনসের সিইও ইজহাম ইসমাইল বলেন, আমরা প্রক্রিয়ার শেষ দিকে রয়েছি। আমরা একে একে এ৩৩০ বহরের উড়োজাহাজগুলো প্রতিস্থাপন করতে যাচ্ছি।
তবে এয়ারলাইনসটি এসব উড়োজাহাজের ক্রয়াদেশ দেয়া হবে কিনা তা নিশ্চিত করেননি তিনি। এমনটা হলে ১৫টি এ৩৩০-৩০০ এবং ছয়টি এ৩৩০-২০০ উড়োজাহাজ প্রতিস্থাপন করা হবে ভাড়া অথবা নির্মাতাদের কাছ থেকে সরাসরি।
এয়ারবাস এ৩৩০নিও, এ৩৫০ ও বোয়িং ৭৮৭ হলো নতুন প্রযুক্তির উড়োজাহাজ দিয়ে বহর প্রতিস্থাপনের পরিকল্পনা করছে উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।
যদিও এর মধ্যে কোন মডেলটি বিবেচনা করা হচ্ছে সে সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ইজহাম ইসমাইল। মালয়েশিয়া এয়ারলাইনসের বহরে এ৩৫০ উড়োজাহাজও রয়েছে। ২০১৭ সালে এয়ারলাইনসটি ৭৮৭ উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়েছিল। যদিও চুক্তিটি আর কার্যকর হয়নি।
মহামারীর আগেও কয়েক বছর লোকসানে ছিল মালয়েশিয়া এয়ারলাইনস। মাত্রই অক্টোবর থেকে ইতিবাচক নগদপ্রবাহের ইঙ্গিত দেয়ার পর কম কার্বন নিঃসরণের জন্য আধুনিকীকরণ পরিকল্পনা জানানো হয়েছে।










