বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলো থেকে ডিজিটাল
পরিষেবা কর সংগ্রহে চলতি সপ্তাহে নতুন আইন প্রবর্তন করবে নিউজিল্যান্ড। তবে ২০২৫ সালের
আগে কার্যকর করা হবে না এ আইন। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দেশটির অর্থমন্ত্রী
গ্রান্ট রবার্টসন জানান, প্রস্তাবিত কর বহুজাতিক কোম্পানির ওপর আরোপ করা হবে। এ প্রতিষ্ঠানগুলো
বিশ্বব্যাপী ডিজিটাল পরিষেবা থেকে ৮১ কোটি ডলার আয় করে এবং নিউজিল্যান্ড থেকে ২০ লাখ
ডলার আয় করে।
ফ্রান্স ও যুক্তরাজ্যকে অনুসরণের উল্লেখ
করে আরো জানান, নিউজিল্যান্ডে ডিজিটাল পরিষেবার আয়ের ওপর ৩ শতাংশ কর প্রয়োগ করা হবে।
এ হিসেবে চার বছরে ২২ কোটি ২০ লাখ নিউজল্যিান্ড ডলার আদায় হবে।
গুগল ও ফেসবুকের মতো ডিজিটাল পরিষেবাগুলো
পর্যাপ্ত ট্যাক্স দেয় না বা সঠিক জায়গায় প্রদান করে না- এ নিয়ে সাম্প্রতিক সময়ে
বিশ্বের দেশের সরকার তৎপর হয়েছে। বলা হয়ে থাকে যে আধুনিক ব্যবসায়িক অনুশীলনের পরিবর্তন
ও বাণিজ্যের ক্রমবর্ধমান ডিজিটাইজেশনের সঙ্গে তাল মিলিয়ে চলছে না আন্তর্জাতিক কর কাঠামো।
যা বিশ্বের প্রতিটি দেশের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
নিউজিল্যান্ডের সরকার এই সমস্যাগুলো
মোকাবেলায় একটি বহুপাক্ষিক চুক্তির জন্য অর্থনৈতিক জোট ওইসিডির আলোচনায় অংশ নিচ্ছে।
তবে এর অগ্রগতি ধীরে বলে উল্লেখ করেন রবার্টসন। তাই বিকল্প হিসেবে দেশটি নতুন আইন প্রস্তুত
করবে।










