উড়োজাহাজ সরবরাহ কমে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে এয়ারবাস। মে মাসে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ কমেছে। এভিয়েশন খাতের সরবরাহ চেইনে প্রতিবন্ধকতার কারণে এমনটা হয়েছে। খবর রয়টার্স।
গত মাসে এয়ারবাস ৪৭টি উড়োজাহাজ সরবরাহ করেছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত সরবরাহকৃত উড়োজাহাজের সংখ্যা ২৫৩টিতে পৌঁছেছে। এ সংখ্যা ২০২১ সালের প্রথম পাঁচ মাসের তুলনায় ৭ শতাংশ বেশি। এর আগে এয়ারবাসের একটি সূত্র মে মাসে ৪৬টি উড়োজাহাজ সরবরাহের তথ্য নিশ্চিত করেছিলেন।
মে মাসে সরবরাহ করা জেটের মধ্যে ৩৭টি এ৩২০ পরিবারের একক-আইল উড়োজাহাজ অন্তর্ভুক্ত ছিল। এ জেটগুলোয় ফরাসি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির আয়ের বড় একটি উৎস। এয়ারবাস জানিয়েছে, সংস্থাটি আগামী বছরের মাঝামাঝি সময়ে এ৩২০ মডেলের উৎপাদন প্রতি মাসে ৬৫টিতে উন্নীত করতে চায়। কভিডের বিপর্যয় কাটিয়ে বিশ্বজুড়ে মাঝারি দূরত্বের ভ্রমণ দ্রুত পুনরুদ্ধার হচ্ছে। এজন্য সংস্থাটির এ মডেলের চাহিদাও ঊর্ধ্বমুখী রয়েছে। এরই অংশ হিসেবে সংস্থাটি ২০২৫ সালের মধ্যে এ৩২০ জেটের উৎপাদন মাসে ৭৫ ইউনিটে উন্নীত করার লক্ষ্য হাতে নিয়েছে।
মে মাসের সরবরাহ নিয়ে এয়ারবাস বলেছে, প্রত্যাশা অনুসারে উড়োজাহাজ সরবরাহ করা যায়নি। এক্ষেত্রে বৈশ্বিক সরবরাহ চেইনে জটিলতা বাধা হিসেবে কাজ করেছে। চলতি বছর মোট ৭২০টি বাণিজ্যিক উড়োজাহাজ সরবরাহের লক্ষ্য রয়েছে সংস্থাটির।
সংস্থাটির প্রধান নির্বাহী গুইলাম ফোরি বলেন, ভবিষ্যৎ সরবরাহ লক্ষ্যমাত্রায় পৌঁছানো নিয়ে এয়ারবাস আত্মবিশ্বাসী রয়েছে। আমরা আশা করি, আগামী মাসগুলোয় পরিস্থিতির উন্নতি হবে।
সম্প্রতি এয়ারবাস তুর্কি এয়ারলাইনস থেকে আরো চারটি এ৩৫০সহ মোট ১৩টি উড়োজাহাজের ক্রয়াদেশ পেয়েছে। চলতি বছরের এখন পর্যন্ত সংস্থাটি ৩৬৪টি উড়োজাহাজের ক্রয়াদেশ পেয়েছে। বাতিলের পরে এ সংখ্যা ১৯১টি।










