শ্রীলংকাকে ২৯০ কোটি ডলারের বেইল আউট দিতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে আইএমএফের এ ঋণ অনুমোদন নির্ভর করছে শ্রীলংকার দ্বিপক্ষীয় ঋণদাতাদের আশ্বাসের ওপর। যদি তারা ঋণের কিস্তি গ্রহণ পিছিয়ে নেয় তাহলেই আইএমএফ এগিয়ে আসবে শ্রীলংকার সহায়তার। খবর দ্য ন্যাশনাল।
এক বিবৃতিতে আইএমএফের মুখপাত্র বলেছেন, ‘অর্থায়নের নিশ্চয়তা পেতে শ্রীলংকা সরকারিভাবেই ঋণদাতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং সেসঙ্গে দেশে সংস্কার প্রক্রিয়াও অব্যাহত। যত দ্রুত পর্যাপ্ত আশ্বাস পাওয়া যাবে এবং শ্রীলংকা কর্তৃপক্ষ আবশ্যিক শর্তগুলো পূরণ করবে তত দ্রুত ঋণ অনুমোদনের বিষয়টি আইএমএফের নির্বাহী পরিষদে উপস্থাপন করা হবে।’
উল্লেখ্য, প্যারিস ক্লাব হিসেবে পরিচিত পশ্চিমা ঋণদাতাদের অপ্রাতিষ্ঠানিক গ্রুপ ও ভারত শ্রীলংকাকে ঋণ পুনর্গঠনে আনুষ্ঠানিক সমর্থন দিচ্ছে। এছাড়া চীনের সবচেয়ে বড় ঋণদাতা হলো চীন। দেউলিয়া হয়ে যাওয়া দেশটির দ্বিপক্ষীয় ঋণের প্রায় ৫২ শতাংশই চীনের। এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়নার মাধ্যমে এ ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। একই পদ্ধতি গ্রহণ করতে অন্যদের প্রতিও অনুরোধ জানানো হয়েছে। চীন মনে করছে এর মাধ্যমে শ্রীলংকার পরিস্থিতি সামাল দেয়া যাবে।
গত সপ্তাহে দেয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন প্রত্যাশা করে শ্রীলংকার বিষয়ে অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতিবাচক ভূমিকা পালন করবে এবং দেশটিকে এ পরিস্থিতি থেকে উত্তরণে সহায়তা করবে।










