বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১-এর ধারা ৭ ও ৯-এর বিধান অনুযায়ী বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে তার চুক্তির দ্বিতীয় মেয়াদের অবশিষ্টকাল অর্থাৎ ১৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২৯ মে পর্যন্ত বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারণ হবে।

প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বিটিআরসির বর্তমান চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের স্থলাভিষিক্ত হবেন। তিনি ১৪ ডিসেম্বর বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন। প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বর্তমানে সংস্থাটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।

 ২০২২ সালের ১ নভেম্বর বিটিআরসির ভাইস-চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদকে নিয়োগ দেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। তখন মহিউদ্দিন আহমেদ বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

এর আগে ২০১৯ সালের ৩০ মে বিটিআরসিতে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন মহিউদ্দিন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রিও নিয়েছেন তিনি। দীর্ঘদিন বিদেশে বহুজাতিক প্রতিষ্ঠানের কর্ম অভিজ্ঞতাও রয়েছে তার।