দ্বিতীয় সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬ জলসিঁড়ি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের পেশাগত গলফ প্লাটফর্ম ‘সিএ গলফার্স’-এর উদ্যোগে এবং করপোরেট ট্যুরের আয়োজনে গত শনিবার দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮৮ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে শিরোপা জেতেন এমডি মহিউদ্দিন।
টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইক্যাব) সভাপতি ও সিএ গলফারস কমিউনিটির জ্যেষ্ঠ গলফার কেএ মবিন। এছাড়া আইক্যাবের সাবেক সভাপতি ও সিএ গলফারস কমিউনিটির জ্যেষ্ঠ সদস্য এএফ নেসারউদ্দিন, বর্তমান সহসভাপতি মো. রকনুজ্জামান ও এয়ার কমোডর (অব.) আবু বকর উপস্থিত ছিলেন।
কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. তাহসিন এইচ চৌধুরী এবং কো-কনভেনার ছিলেন সৌরভ এস সাহা। এ সময় সৈয়দ আতিফ ফারহান এলাহীসহ সিএ গলফারস কমিউনিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে সিটি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, অ্যাকফিনট্যাক্সের প্রতিষ্ঠাতা আহমেদ হুমায়ুন মুর্শেদ এবং সামিট গ্রুপের মেজর জেনারেল (অব.) মনিরুল ইসলাম আখন্দ, আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড ও সোনারগাঁও স্টিলের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক নাবিল উপস্থিত ছিলেন।










