দেশের পোশাক শিল্পে পণ্য ও ডিজাইনে সক্ষমতা বাড়াতে, বিশেষ করে উচ্চমানের পোশাকের উন্নয়নে বিনিয়োগ করার জন্য এপিক গ্রুপের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। গতকাল হংকংয়ে এপিক গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান রঞ্জন মাহতানীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। এ সময় এপিক গ্রুপের দুই সিইও সুনীল দারিয়ানি এবং দিনেশ ভিরওয়ানি ও গ্রুপের পরিচালক আজফার হাসান উপস্থিত ছিলেন।
বৈঠকের প্রাথমিক লক্ষ্য ছিল এপিক গ্রুপ এবং বাংলাদেশী সরবরাহকারীদের মধ্যে দীর্ঘস্থায়ী ব্যবসায়িক অংশীদারত্বকে শক্তিশালী করার উপায়গুলো খুঁজে বের করা। এ সময় এপিক গ্রুপকে বাংলাদেশের পোশাক শিল্পে দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখারও আহ্বান জানান ফারুক হাসান।
বৈঠকে বিজিএমইএ এবং এপিক গ্রুপ কীভাবে একসঙ্গে কাজ করে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পের অনন্য দিকগুলো, বিশেষ করে শিল্পের সক্ষমতা এবং বিশ্বমানের ওয়ার্কপ্লেস সেফটি, পরিবেশগত সাসটেইনেবিলিটি এবং শিল্পের অনুকরণীয় অনুশীলনগুলো তুলে ধরতে পারে, সে বিষয়ে আলোচনা হয়।









