২০২৫ সাল থেকে যুক্তরাষ্ট্রে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) তৈরি করতে যাচ্ছে টয়োটা মোটর করপোরেশন। কেন্টাকির কারখানায় আরো ২১০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। সম্প্রতি এমনটাই জানিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর কিয়োদো এজেন্সি।
টয়োটার বিবৃতি অনুসারে, অতিরিক্ত বিনিয়োগটি ব্যবহার হবে কোম্পানির উৎপাদন ব্যবস্থায় সক্ষমতা বাড়াতে। নর্থ ক্যারোলাইনায় নতুন একটি ব্যাটারি কারখানা নির্মাণাধীন। ২০২৫ সাল থেকে সেখানে হাইব্রিড ও ইভির জন্য ব্যাটারি তৈরি হবে। নতুন তহবিল যুক্ত হলে নর্থ ক্যারোলাইনার কারখানায় মোট বিনিয়োগ দাঁড়াবে ৫৯০ কোটি ডলার। ঘোষণাটি এমন সময় এল, যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপর ইভি তৈরির ব্যাপারে চাপ প্রয়োগ করছেন। বিশ্বব্যাপী জলবায়ু সুরক্ষা ও পরিবেশের প্রতি গুরুত্ব দিয়ে বর্তমানে বাড়ছে ইভি। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব মার্কিন প্রশাসন।
মার্কিন প্রশাসন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আইন স্বাক্ষর করে গত বছরে। নেয়া হয় ইভি ক্রয়ে শুল্ক কমানোর সিদ্ধান্ত, যাতে ইভির বাজার বিস্তৃত হতে বাড়তি প্রতিবন্ধকতা তৈরি না হয়। বিশ্বের বৃহত্তম অটো প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি এপ্রিলে ঘোষণা দেয় ইভি উৎপাদন বাড়াতে।
যুক্তরাষ্ট্রে ইভি তৈরির বিষয়টিও টয়োটার পরিকল্পনার অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানটি বার্ষিক ১৫ লাখ ইভি বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে। ২০২৬ সালের মধ্যে নতুন ১০টি মডেল বাজারে আনার ঘোষণা দিয়েছে তারা।










