সরবরাহ বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে শুকনা মরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা করে। বাজারে নতুন মরিচ আসতে শুরু করেছে। আগামী দিনগুলোয় সরবরাহ আরো বাড়বে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। 

হিলির বাজার ঘুরে জানা গেছে, এক সপ্তাহ আগে প্রতি কেজি শুকনা মরিচ ৩৬০-৩৮০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩০০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

হিলি বাজারের শুকনা মরিচ বিক্রেতা শাকিল খান জানান, আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে এবার পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ আবাদ করেছেন কৃষকরা। এরই মধ্যে খেত থেকে কাঁচামরিচ উঠতে শুরু করেছে। উৎপাদন ভালো হওয়ায় বাজারে কাঁচামরিচের সরবরাহ যেমন বেড়েছে, তেমনি দাম কমেছে। ৩০-৪০ টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে প্রতি কেজি কাঁচামরিচ। কাঁচামরিচ আবাদ করে লোকসান হওয়ায় কৃষকরা এখন মরিচ শুকিয়ে বাজারে বিক্রি করছেন। 

তিনি আরো জানান, এ অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি বগুড়ায় লাল মরিচ আবাদ হয়। এরই মধ্যে জমি থেকে নতুন লাল মরিচ উঠতে শুরু করেছে, যার কারণে বাজারে আগের তুলনায় শুকনা মরিচের সরবরাহ বেশি। আগামী দিনগুলোয় সরবরাহ আরো বাড়বে। ফলে দামও আরো কমবে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘‌নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমাদের পক্ষ থেকে নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। যদি কেউ অহেতুক কোনো পণ্যের মূল্য বৃদ্ধি করে এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আর্থিক জরিমানাসহ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’