সম্পদ অর্জনে নতুন ইতিহাস গড়েছেন বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলোন মাস্ক। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার সুপ্রিম কোর্টের এক রায়ের পরিপ্রেক্ষিতে তার সম্মিলিত সম্পদের আকার বেড়ে ৭৪৯ বিলিয়ন বা ৭৪ হাজার ৯০০ কোটি ডলারে ঠেকেছে। খবর রয়টার্স।
এক রায়ে টেসলার শেয়ারভিত্তিক পারিশ্রমিক চুক্তি পুনর্বহাল করেছেন ডেলাওয়ার সুপ্রিম কোর্ট। ফোর্বসের বিলিয়নেয়ার সূচক অনুযায়ী, এতে মাস্কের মোট সম্পদের পরিমাণ ৭০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। গত বছর বাতিল হওয়া টেসলার শেয়ার অপশনের মূল্য ছিল ১৩ হাজার ৯০০ কোটি ডলার। এতে বর্তমানে মাস্কের মোট সম্পদের মূল্য ৭৪ হাজার ৯০০ কোটি ডলার।
২০১৮ সালে প্রবর্তিত ইলোন মাস্কের পারিশ্রমিক প্যাকেজটির মূল্য একসময় ছিল ৫ হাজার ৬০০ কোটি ডলার। তবে নিম্ন আদালত পারিশ্রমিকের এ অংককে ‘অচিন্তনীয়’ বলে বাতিল করে দিয়েছিলেন। গত শুক্রবার ডেলাওয়ার সুপ্রিম কোর্ট সে সিদ্ধান্ত উল্টে দিয়ে প্যাকেজটি পুনর্বহাল করেন। আদালত জানান, ২০২৪ সালের যে রায়ে এ চুক্তি বাতিল করা হয়েছিল, তা ছিল অনুচিত ও মাস্কের প্রতি অন্যায়।
এর আগে চলতি সপ্তাহে মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে ৬০ হাজার কোটি ডলারের নিট সম্পদের মাইলফলক অতিক্রম করেন। মহাকাশ প্রযুক্তি স্টার্টআপ স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে এমন প্রতিবেদন প্রকাশের পর পরই মাস্কের সম্পদের মূল্য আরো বেড়ে যায়।
গত নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা আলাদাভাবে মাস্কের জন্য ট্রিলিয়ন বা লাখ কোটি ডলারের একটি পারিশ্রমিক পরিকল্পনা অনুমোদন দেন, যা করপোরেট ইতিহাসে সবচেয়ে বড় বেতন প্যাকেজ হিসেবে বিবেচিত। বিনিয়োগকারীরা টেসলাকে শুধু বিদ্যুৎচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকসভিত্তিক শক্তিধর প্রতিষ্ঠানে রূপান্তরে মাস্কের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে এ অনুমোদন দেন।
ফোর্বসের বিলিয়নেয়ারস তালিকা অনুযায়ী, মাস্কের বর্তমান সম্পদ বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের তুলনায় প্রায় ৫০ হাজার কোটি ডলার বেশি।









