শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দাম প্রায় দুই বছরের সর্বনিম্নে নেমেছে। আর্জেন্টিনায় বাম্পার ফলনের প্রত্যাশা এবং চীনে তেলবীজটির আমদানি চাহিদা দুর্বল হয়ে পাড়ায় এমন দরপতন দেখা দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
এদিকে বিশ্বব্যাপী সরবরাহ বাড়ায় নিম্নমুখী ভুট্টার বাজারও। শুক্রবার শস্যটির দাম কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। গতকাল দাম আবারো কমে যায়। তবে গমের বাজারদর সাত সপ্তাহের সর্বনিম্ন পর্যায় থেকে কিছুটা বেড়েছে।
সিবিওটিতে গতকাল সয়াবিনের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কমে যায়। প্রতি বুশেলের মূল্য দাঁড়ায় ১২ ডলার ২৩ সেন্টে। শুক্রবার তেলবীজটির দাম নেমেছিল বুশেলপ্রতি ১২ ডলার ৩ সেন্টে, যা ২০২১ সালের নভেম্বরের পর সর্বনিম্ন।
মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানায়, আর্জেন্টিনা বিশ্বের শীর্ষ সয়াবিন রফতানিকারক। ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বরে লাতিন আমেরিকার দেশটিতে বেশ ভালো বৃষ্টিপাত হয়েছে। ফলে সেখানে সয়াবিনের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইউএসডিএর ফরেন এগ্রিকালচারাল সার্ভিস আবাদ বাড়ার পূর্বাভাস দিয়েছে। এদিকে ব্রাজিলের উৎপাদন নিয়েও আশাবাদী বিশ্লেষকরা।
অন্যদিকে শীর্ষ সয়াবিন আমদানিকারক দেশ চীনে চলতি বছরের প্রথম প্রান্তিকে তেলবীজটির চাহিদা কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে আগামী দিনগুলোয়ও সয়াবিনের দাম নিম্নমুখী থাকতে পারে বলে মনে করছেন বাজার পর্যবেক্ষকরা।










