সাউথইস্ট ইউনিভার্সিটি ও আমানত শাহ গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ইনভেনশন অ্যান্ড ইনোভেশন ইন টেক্সটাইল সেক্টর শিরোনামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল মিয়াহ।

আলোচনা সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চিফ অ্যাডভাইজার মো. নূরুল ইসলাম, পরিচালক মো. রেজাউল করিম ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইঞ্জিনিয়ার মাশুদ আহমেদ।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আমানত শাহ গ্রুপের পক্ষে ওভেন ফেব্রিক্সের সিনিয়র নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম ও সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইঞ্জিনিয়ার মাশুদ আহমেদ স্বাক্ষর করেন।

চুক্তির মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন, ক্যারিয়ার গঠন ও গবেষণায় যৌথ সহযোগিতা জোরদার হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান ও সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ হেলাল মিয়াহ, পরিচালক রেজাউল করিম, পরিচালক মিয়াহ মো. জুবায়ের আমিন, চিফ অ্যাডভাইজার মো. নূরুল ইসলাম।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আনম আহমাদুল্লাহসহ শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

—বিজ্ঞপ্তি