এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের ম্যানেজমেন্ট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইচএসবিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ কৌশলগত সহযোগিতার মাধ্যমে এপিআই প্রযুক্তি ব্যবহার করে এম অ্যান্ড জে গ্রুপের অভ্যন্তরীণ সিস্টেম এবং এইচএসবিসির ট্রেড প্লাটফর্মের মধ্যে নিরবচ্ছিন্ন রিয়েল-টাইম সংযোগ স্থাপন সম্ভব হবে। এ ইন্টিগ্রেশন এন্ড টু এন্ড ট্রেড প্রক্রিয়াকে আরো গতিশীল করবে, ম্যানুয়াল হস্তক্ষেপ কমাবে, স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং ট্রেড লেনদেন সম্পন্ন হওয়ার ব্যাপ্তিকাল উল্লেখযোগ্য হারে কমাবে।

চুক্তি সম্পর্কে এম অ্যান্ড জে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাণিজ্য সক্ষমতা আরো শক্তিশালী করার যে লক্ষ্য আমাদের রয়েছে, এ ইন্টিগ্রেশন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এপিআই-ভিত্তিক এ সমাধান এম অ্যান্ড জে গ্রুপকে আরো কার্যকর পরিচালন সক্ষমতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং সার্বিক ট্রেড কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করবে।

এইচএসবিসি সাউথ এশিয়ার গ্লোবাল ট্রেড সলিউশনসের প্রধান মোহিত আগারওয়াল বলেন, ‘এইচএসবিসি বিশ্বাস করে বাণিজ্যের ভবিষ্যৎ নির্ভর করে নিরবচ্ছিন্ন, বুদ্ধিদীপ্ত এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ের ওপর। এম অ্যান্ড জে গ্রুপের সঙ্গে প্রথমবারের মতো এ ধরনের এপিআই ইন্টিগ্রেশন সেই দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।’

এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল ট্রেড সলিউশনসের কান্ট্রি হেড আহমদ রাবিউল হাসান বলেন, ‘এ সমন্বিত উদ্যোগ আমাদের গ্রাহকদের জন্য আধুনিক ও উদ্ভাবনী ডিজিটাল সমাধান প্রদানের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। এ এপিআই ইন্টিগ্রেশন ট্রেড প্রক্রিয়াকে সহজ করার পাশাপাশি বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে দক্ষতা ও উদ্ভাবনের নতুন মানদণ্ড স্থাপন করবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এম অ্যান্ড জে গ্রুপের পরিচালক মাহির দাইয়ান আহমেদ।