স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মাদানী এভিনিউতে এসএফবিএল অ্যারেনায় বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তার জীবন, কর্ম ও আদর্শ নিয়ে সংকলিত ‘স্যামসন এইচ চৌধুরী: স্টোরিজ অব আনকমপ্রোমাইজিং ইন্টেগ্রিটি’ শীর্ষক স্মৃতিকথা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। স্কয়ার গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, স্যামসন এইচ চৌধুরীর সান্নিধ্যে আসা বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী নেতা ও পারিবারিক স্নেহভাজনদের স্মৃতিকথা এবং অনুভূতির সংকলনে গ্রন্থটি প্রকাশ করা হয়েছে।
স্মরণ অনুষ্ঠানে মূল বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক সানচিয়া চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। অনুষ্ঠানে স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্যামসন: থ্রু আ সন্স লেন্স’-এর একটি সংক্ষিপ্ত অংশ প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, স্যামসন এইচ চৌধুরীর মানবিক আদর্শকে ধারণ করে অনিতা-স্যামসন ফাউন্ডেশন ও স্কয়ার পরিবার বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে দেশব্যাপী মোবাইল স্বাস্থ্যসেবা উদ্যোগ ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম, পোশাক শ্রমিকদের জন্য বিনামূল্যে চক্ষু শিবির, কলসিন্দুরের নারী ফুটবলারদের সহায়তা এবং পাবনায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প উল্লেখযোগ্য।









