সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (টুইটার) বছরের শেষ নাগাদ বিজ্ঞাপন থেকে সাড়ে ৭ কোটি ডলারের মতো বিজ্ঞাপন হারাচ্ছে। এর কারণ হিসেবে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইলোন মাস্কের ইহুদিবিরোধী ষড়যন্ত্র তত্ত্বের প্রতি সমর্থনকে দায়ী করা হচ্ছে। ওই ঘটনার পর কয়েক ডজন শীর্ষস্থানীয় ব্র্যান্ড তাদের পণ্যের প্রচার বন্ধ করে দিয়েছে। খবর দ্য নিউইয়র্ক টাইমস।

চলতি সপ্তাহে কোম্পানিটি আগের চেয়ে আরো কঠিন অবস্থায় পড়েছে। ইলোন মাস্ক ও তার প্লাটফর্ম সম্পর্কে আইবিএম, অ্যাপল ও ডিজনি উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলো গত সপ্তাহে এক্সে বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছে। এছাড়া এয়ারবিএনবি, অ্যামাজন, কোকাকোলা ও মাইক্রোসফটের মতো কোম্পানির ২০০টিরও বেশি ইউনিট এক্সে বিজ্ঞাপন বন্ধ করার কথা বিবেচনা করছে।

এক্সের বিপণন শাখার সূত্র জানায়, চলতি মাসে সব বিজ্ঞাপনের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। অধিকাংশ কোম্পানি বিজ্ঞাপন প্রচারে বিরতি দিয়েছে। অন্যরাও একই সিদ্ধান্ত নিতে পারে। বিজ্ঞাপনদাতারা ফিরে না এলে বছর শেষে কোম্পানিটি লোকসানে পড়বে।

এক্স বিবৃতিতে জানায়, ১ কোটি ১০ লাখ ডলারের বিজ্ঞাপন ঝুঁকির মধ্যে পড়েছিল। কিছু বিজ্ঞাপনদাতা এরই মধ্যে ফিরে এসেছে। অন্য কয়েকটি কোম্পানি বিজ্ঞাপন প্রচার বাড়িয়ে দিয়েছে। ফলে আয়ের চিত্রটি ওঠানামা করছে।