শেয়ারহোল্ডারদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য এ সুপারিশ করেছে কোম্পানিটি। আজ সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির ৩০০ তম পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়।
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি মূল্য সংবেদনশীল তথ্যে জানিয়েছে, ২০২১-২২ হিসাব বছরে ইবনে সিনার শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ৬৬ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৩৬ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৮ টাকা ৬৯ পয়সায়।
এদিকে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে চলতি বছরের ৩০ অক্টোবর বেলা সাড়ে ৯ টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহবান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২৯ সেপ্টেম্বর।
গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের ৪৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইবনে সিনা।তার আগের বছর ৩৮ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। ডিএসইতে আজ ইবনে সিনার শেয়ারের সর্বশেষ দর ছিল ৩০১ টাকা ৯০ পয়সা। আর সমাপনী দর ছিল ৩০২ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৬০ টাকা ও ৩১৫ টাকা।










