পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) সহযোগী কোম্পানি ইউনাইটেড পায়রা পাওয়ার লিমিটেড (ইউপিপিএল) ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ কোম্পানিটি প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে ২ টাকা লভ্যাংশ দেবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, ইউপিপিএলের ৩৫ শতাংশ শেয়ারের মালিকানা কেপিসিএলের কাছে রয়েছে। কোম্পানিটির লভ্যাংশ ঘোষণার পাশাপাশি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কেপিসিএলের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৪ পয়সা। চলতি বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮১ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে কোম্পানিটির আয় হয়েছে ২৪৯ কোটি ৮৫ লাখ টাকা, কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৩১ লাখ টাকা।










