পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি দুবাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে চারটি জেনারেটর কেনার সিদ্ধান্ত নিয়েছে। মূলত কোম্পানিটি পুরনো চারটি গ্যাসচালিত জেনারেটর পরিবর্তন করে দুবাই থেকে আমদানীকৃত জেনারেটরগুলো কারখানায় প্রতিস্থাপন করতে চায়। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির ১৩২তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্তে অনুমোদন নেয়া হয়েছে।
এক মূল্যসংবেদনশীল তথ্যে মতিন স্পিনিং মিলস জানিয়েছে, দুবাই সাউথ বিজনেস পার্কে অবস্থিত দাউদ মেশিনারি ট্রেডিং থেকে তিনটি স্বল্প গ্যাস গ্রহণকারী জেনারেটর ও একটি ডিজেলচালিত জেনারেটর কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এ জেনারেটরগুলো আনতে ও প্রতিস্থাপন করতে আনুমানিক ২৭ লাখ ৮ হাজার মার্কিন ডলার বা ২৫ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হবে কোম্পানিটির।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মতিন স্পিনিং মিলসের আয় হয়েছে ৪৫১ কোটি ৪৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৩৪৩ কোটি ৮৬ লাখ টাকা। এক বছরের ব্যবধানে বস্ত্র খাতের কোম্পানিটির আয় বেড়েছে ১০৭ কোটি ৫৮ লাখ টাকা বা ৩১ দশমিক ২৯ শতাংশ। আলোচ্য সময়ে কর-পরবর্তী নিট মুনাফা প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৭৭ কোটি ৭৮ লাখ টাকায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৯ কোটি ২৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৩৮ কোটি ৫২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩ পয়সা। পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ ৩১ মার্চ ২০২২ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৮৪ পয়সায়।
ডিএসইতে গতকাল মতিন স্পিনিংয়ের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭৮ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৫৪ টাকা ১০ পয়সা থেকে ৮৬ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে।










