পাইলট প্রশিক্ষণে মনোযোগ বাড়াচ্ছে ইউনাইটেড এয়ারলাইনস। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো শহরে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণের উদ্যোগ নেয়া হচ্ছে। সহস্রাধিক পাইলটকে নিয়োগদানের উদ্দেশ্যে এ উদ্যোগ নিয়েছে উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। খবর সিএনবিসি।

সব মিলিয়ে ইউনাইটেড এয়ারলাইনসটির এ প্রকল্পের জন্য ১০ কোটি ডলার ব্যয় হবে। প্রশিক্ষণ ক্যাম্পাসটির চার তলাবিশিষ্ট ভবনটিতে ছয়টি নতুন ফ্লাইট সিমুলেটর সংযোজন করা হবে। বর্তমানে ৪০টি সিমুলেটর যোগ করার সক্ষমতা রয়েছে ইউনাইটেড এয়ারলাইনসের।

এ বিষয়ে ফ্লাইট প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মার্ক চ্যাম্পিয়ন বলেন, মূলত বোয়িং ৭৩৭ ম্যাক্স ও এয়ারবাস উড়োজাহাজে পাইলটদের প্রশিক্ষণ দেয়ার জন্যই নতুন সিমুলেটর ব্যবহার করা হবে। এছাড়া প্রশিক্ষণে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজও ব্যবহার হবে।

আগামী বছরের মধ্যেই প্রকল্পটি সম্পূর্ণ হবে বলে আশা করছে উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। এক বছর ধরে প্রকল্পটি নির্মাণাধীন রয়েছে বলে জানান মার্ক চ্যাম্পিয়ন।

কভিড-১৯ মহামারীতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো। লোকসান কাটিয়ে সংস্থাগুলোর ব্যবসা পুনরুদ্ধার শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি দশকে ১০ হাজার পাইলট নিয়োগের পরিকল্পনা করছে ইউনাইটেড এয়ারলাইনস। এর মধ্যে চলতি বছরই প্রায় দুই হাজার পাইলট নিয়োগের পরিকল্পনা শিকাগোভিত্তিক প্রতিষ্ঠানটির।

ইউনাইটেড এভিয়েট একাডেমি নামে একটি নতুন ফ্লাইট স্কুলও খুলেছে ইউনাইটেড এয়ারলাইনস। মহামারীতে পাইলটদের প্রশিক্ষণ বাধাগ্রস্ত হয়। ২০৩০ সালের মধ্যে আরিজোনার গুডইয়ারে পাঁচ হাজার পাইলটকে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এদিকে উত্তর ক্যারোলাইনার শার্লটে গত বছর একটি পাইলট প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরিকল্পনা করে আমেরিকান এয়ারলাইনস।