মহামারী-পরবর্তী সময়ে বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বরাদ্দ। বিশ্বের উদীয়মান ও উন্নয়নশীল দেশকে সাহায্য করতে কাজ করেছে আইএমএফের নিয়ন্ত্রণাধীন ঋণদাতা ‘স্পেশাল ড্রয়িং রাইটস’ (এসডিআর)। সহায়তা করেছে উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোয় (ইএমডিসি) তারল্য সংকট কমাতে। খবর দ্য ন্যাশনাল নিউজ।
এসডিআর হলো আইএমএফের বিনিময় ইউনিট, যা বিশ্বের পাঁচটি শীর্ষস্থানীয় মুদ্রা নিয়ে গঠিত। মুদ্রাগুলো হলো মার্কিন ডলার, ইউরো, ইউয়ান, ইয়েন ও ইউকের পাউন্ড। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সঙ্গে আইএমএফ লেনদেনের জন্য এটি হিসাবরক্ষণ বিভাগ হিসেবে কাজ করে। কাজ করে সদস্য দেশগুলোর জন্য আন্তর্জাতিক রিজার্ভে স্থিতিশীল সম্পদ হিসেবে। এসডিআর এ বরাদ্দ আন্তর্জাতিক রিজার্ভ বাড়িয়েছে, বিশেষ করে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা ও মূল্যস্ফীতি চাপের সময়। কোটা শেয়ারের ভিত্তিতে বেশির ভাগ বরাদ্দ উন্নত অর্থনীতিতে গেলেও নিম্ন আয়ের দেশগুলো তাদের জিডিপির তুলনায় বরাদ্দের একটি বড় অংশ পেয়েছে।
উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলো এসডিআর বরাদ্দের প্রায় ২৭ হাজার ৫০০ কোটি ডলার পেয়েছে। নিম্ন আয়ের দেশগুলো প্রায় ২ হাজার ১০০ কোটি ডলার পেয়েছে। এ বরাদ্দ কিছু ক্ষেত্রে জিডিপির ৬ শতাংশ পর্যন্ত ছিল। বৈশ্বিক তারল্য বাড়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। আইএমএফ ২০২১ সালের আগস্টে এ বরাদ্দ অনুমোদন করে। বিশ্বব্যাপী দেশগুলোকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারের প্রচেষ্টায় সহযোগিতা করাই এর লক্ষ্য ছিল। এ বরাদ্দে নিঃশর্ত তারল্য প্রদানের মাধ্যমে ঋণ ব্যয় কমাতে সহায়তা করেছিল, বিশেষ করে ঋণে সীমাবদ্ধ উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর জন্য। যদিও বরাদ্দটি বৈশ্বিক মূল্যস্ফীতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেনি। এটি নেতিবাচক বৈশ্বিক আউটপুট ব্যবধানের সময় অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা সরবরাহ করেছিল। উদীয়মান বাজারগুলোয় মোট সরকারি ঋণ ২০১৯ সাল থেকে প্রায় ১০ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।
বিভিন্ন দেশের প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য ছিল। এ বরাদ্দ ব্যাপক আর্থিক আধিপত্য সৃষ্টি করেনি বা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকেও ক্ষুণ্ন করেনি। কিন্তু কিছু উদীয়মান ও উন্নয়নশীল দেশ বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোর জন্য এটি সামান্য দেরির কারণ হয়ে দাঁড়ায়। যার কারণে এটি চলমান মনিটরিং ও নীতিপরামর্শের প্রয়োজনীয়তা তুলে ধরে।
সামগ্রিকভাবে আইএমএফের এসডিআর বরাদ্দ অর্থনীতিকে স্থিতিশীল, তারল্য সরবরাহ ও বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সমর্থন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।










