ইউক্রেনে আগ্রাসনের জেরে আরোপিত নিষেধাজ্ঞায় সরবরাহ জটিলতায় পড়েছে রাশিয়া। ফলে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিভিন্ন পণ্যের দাম। এপ্রিলে দেশটির বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি ১৭ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। এ হার দেশটির ইতিহাসে ২০০২ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। খবর রয়টার্স।
চলমান ইউক্রেন সংকট কেন্দ্র করে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে পশ্চিমা দেশগুলো। এতে করে রুশ মুদ্রা রুবলের দরপতন হয়েছে। রসস্ট্যাটের তথ্য বলছে, আগের মাসের তুলনায় মার্চে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়েছিল ৭ দশমিক ৬১ শতাংশ। এটি ১৯৯৯ সালের জানুয়ারির পর সর্বোচ্চ বৃদ্ধির হার। যদিও এপ্রিলে তা কমে ১ দশমিক ৫৬ শতাংশে দাঁড়িয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে রাশিয়া। এ নিয়ে অসন্তোষ দেখা দেয় পশ্চিমা মহলে। এর পর থেকেই দেশটিতে মূল্যস্ফীতির হার লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এরই পরিপ্রেক্ষিতে গত মার্চে রুবলের দর সর্বনিম্ন ছিল। এতে করে প্রধান খাদ্য থেকে শুরু করে গাড়িসহ বিভিন্ন ধরনের পণ্যের ভোক্তা চাহিদা বেড়েছে। ফলে পণ্যমূল্যের ঊর্ধ্বমুখিতা অব্যাহত রয়েছে।
কয়েক বছর ধরেই রাশিয়ায় উচ্চমূল্যস্ফীতির হার অন্যতম প্রধান সংকটগুলোর একটি। কভিড-১৯ মহামারীতে মূল্যস্ফীতির হার ক্রমে বাড়তে থাকে। এতে প্রভাবিত হয়েছে দেশটির জীবনযাত্রার মান।










