বাগেরহাটের
মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো হিমায়িত আপেল আমদানি করা হয়েছে। চীন থেকে আমদানি করা লাইবেরিয়ান পতাকাবাহী এমভি মার্কস হাই ফং জাহাজে এসেছে
৫১ টন আপেল। গতকাল
বিকালে আনুষ্ঠানিকভাবে এর খালাসকাজ শুরু
হয়। এশিয়ান ফ্রুটস (বিডি) লিমিটেডের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম এসব আপেল আমদানি করেছেন।
এর আগে মঙ্গলবার মোংলা কাস্টমস ও উদ্ভিদ সংঘ নিরোধ অফিসের প্রতিনিধি ও ট্রাফিক বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে পণ্য চালানটির আইনগত পরীক্ষা সম্পন্ন হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, ‘দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের চাবিকাঠি স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য তথা সার্বিক অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সুফল পরিলক্ষিত হচ্ছে। আগে ফেরি থাকার কারণে ব্যবসায়ীরা ভোগান্তির জন্য মোংলা বন্দর ব্যবহার করতে চাইতেন না। এখন যেহেতু ঢাকা ও মোংলার মধ্যে কোনো ফেরি নেই, তাই পদ্মা সেতু হয়ে সরাসরি মোংলা বন্দর দিয়ে আমদানি-রফতানিতে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে।’
স্বল্প সময়ে জাহাজ হ্যান্ডলিং, জেটি অভ্যন্তরে কনটেইনার স্টাফিং সুবিধা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও নিরাপদ বন্দর হওয়ায় এটি ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।’









