আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে গমের। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সম্প্রতি খাদ্যপণ্যটির দাম বেড়ে এক মাসের সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার।

সিবিওটির গত সোমবার কার্যদিবস শেষে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল (প্রতি বুশেলে ৬০ পাউন্ড) শীতকালীন গমের দাম আগের দিনের তুলনায় ৩ শতাংশ বেড়ে ৫ ডলার ৩১ সেন্টে বেচাকেনা হয়েছে, যা ২১ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। ওই সময় প্রতি বুশেল গমের দাম উঠেছিল ৫ ডলার ৩২ সেন্টে।

তবে এ সময় সিবিওটিতে সয়াবিনের দাম কমে দুই মাসের সর্বনিম্নে নেমেছে। একই দিনে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের দাম কমে দাঁড়ায় ৮ ডলার ৯২ সেন্টে, যা ১২ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

এছাড়া সিবিওটির একই কার্যদিবসে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি শর্ট টন (২ হাজার পাউন্ড) সয়ামিলের দাম আগের দিনের তুলনায় ৭০ সেন্ট কমে ২৯৮ ডলার ৩০ সেন্টে এবং প্রতি পাউন্ড সয়াবিন তেলের দাম দশমিক ৪৪ সেন্ট কমে ৩০ দশমিক ৪৪ সেন্টে বেচাকেনা হয়।