বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য সৌদি আরব একটি আদর্শ গন্তব্যস্থল হয়ে উঠেছে বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার। গণমাধ্যমে গতকাল পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘সম্প্রতি সৌদি আরবের বিনিয়োগবিষয়ক মন্ত্রী খালেদ-আল ফালেহর বাংলাদেশ সফর দুদেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্কে নতুন উচ্চতায় পৌঁছার দিগন্ত উন্মোচিত করেছে। অবকাঠামো, জ্বালানি এবং উৎপাদন খাতসহ অন্যান্য সম্ভাবনাময় খাতে সৌদি বিনিয়োগপ্রাপ্তির লক্ষ্যে বাংলাদেশকে আরো কার্যকর উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নে আরো মনোযোগী হতে হবে। দুদেশের মধ্যকার দ্বৈতকর চুক্তি একটি ইতিবাচক উদ্যোগ, যা সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কগুলোয় বিনিয়োগে এগিয়ে আসতে উৎসাহিত করবে। প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং স্বাস্থ্যসেবা খাতে পারস্পরিক সহযোগিতা দুদেশের উদ্ভাবন ও প্রতিযোগী সক্ষমতা বাড়াতে সহায়ক।’









