মে মাসে দ্বিগুণেরও বেশি গাড়ি বিক্রি করেছে চীনা বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এর মাধ্যমে চীনের শীর্ষ তিনটি ইভি নির্মাতার একটি হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। খবর সিএনবিসি।

চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, গত মাসে বিওয়াইডি ১ লাখ ১৩ হাজার ৭৬৮ ইউনিট নতুন জ্বালানির গাড়ি বিক্রি করেছে। যদিও সে সময় কভিডজনিত কঠোর লকডাউনের কারণে সরবরাহ চেইনে প্রতিবন্ধকতা এবং চীনাদের ভোক্তা মনোভাবে নেতিবাচক প্রভাব অব্যাহত ছিল।

ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথাওয়ে সমর্থিত ব্যাটারি প্রস্তুতকারক বিওয়াইডি চীনের একটি প্রধান ইভি ব্র্যান্ড হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটির কিছু মডেল জনপ্রিয়তায় টেসলার সঙ্গে প্রতিযোগিতা করছে। চলতি বছরের এখন পর্যন্ত বিওয়াইডি কেবল নতুন জ্বালানির যানবাহনগুলোতেই আধিপত্য বজায় রেখেছে। এর মধ্যে হাইব্রিড ও ব্যাটারিচালিত গাড়ি রয়েছে।

অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, গত মাসে চীনে সবচেয়ে বেশি বিক্রীত নতুন জ্বালানির মডেলগুলোর মধ্যে দুটিই বিওয়াইডির। এ বিক্রির মাধ্যমে চীনের যাত্রীবাহী গাড়ির বাজারে সামগ্রিকভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিওয়াইডি। গত মাসে ১ হাজার ৫০ হাজার ৯ ইউনিট গাড়ি বিক্রি করে শীর্ষ অবস্থানে রয়েছে এফএডব্লিউ-ফক্সওয়াগন জোট। দুই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের এ জোট অডি ও ফক্সওয়াগন ব্র্যান্ডের গাড়ি বিক্রি করে।

গত মাসে বিওয়াইডির গাড়ি বিক্রি বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ১৬৯ দশমিক ৫ শতাংশ বেশি। যেখানে এফএডব্লিউ-ফক্সওয়াগন জোটের গাড়ি বিক্রি ১০ দশমিক ৬ শতাংশ কমেছে। গিলির গাড়ি বিক্রি ১৪ দশমিক ৫ শতাংশ কমে ৭৩ হাজার ৩১৫ ইউনিটে দাঁড়িয়েছে। এক্ষেত্রে যাত্রীবাহী গাড়ি বিক্রির দিক থেকে সংস্থাটি তৃতীয় বৃহত্তম। গত বছরও যাত্রীবাহী গাড়ি বিক্রিতে বিওয়াইডির অবস্থান ১৩তম স্থানে ছিল।

গত মাসে বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে সামগ্রিকভাবে বিক্রি কমেছে ১১ দশমিক ৮ শতাংশ। যেখানে নতুন জ্বালানির গাড়ি বিক্রি ৯১ দশমিক ২ শতাংশ বেড়েছে।