চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের (বিডি ফাইন্যান্স) শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ১০ শতাংশের বেশি। আজ বুধবার প্রকাশিত কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে আর্থিক খাতের কোম্পানিটির ইপিএস হয়েছে ৪২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৭ পয়সা। সে হিসাবে আলোচ্য ব্যাংকটির ইপিএস কমেছে ৫ পয়সা বা ১০ দশমিক ৬৪ শতাংশ। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৫ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য মোট ১২ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটি। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও বাকি ৬ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৯ পয়সা।সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটি আয় কমেছে ২৫ পয়সা বা ১৪ দশমিক ৭৯ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৩ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৮৫ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য গত ৩১ মার্চ ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৯ মার্চ।