চলতি বছর বড় আকারের ঘাটতির পথে হাঁটছে তামার বৈশ্বিক বাজার। তবে আগামী বছর ধাতুটির বাজারে লক্ষণীয় উদ্বৃত্ত তৈরি হতে পারে। ইন্টারন্যাশনাল কপার স্টাডি গ্রুপের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কায় বাজারজুড়ে ব্যবহারিক ধাতুটির দাম যেমন কমছে তেমন চাহিদাও নিম্নমুখী। কিন্তু একই পরিস্থিতির কারণে ধাতুটির উত্তোলন গতি হারাচ্ছে। ফলে গত বছর যে পরিমাণ ঘাটতি তৈরি হয়েছিল তা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। তবে আগামী বছর এ ঘাটতি কেটে যাবে।

ইন্টারন্যাশনাল কপার স্টাডি গ্রুপ জানায়, চলতি বছর বিশ্ববাজারে ৩ লাখ ২৫ হাজার টন তামার ঘাটতি দেখা দিতে পারে। লন্ডন মেটাল এক্সচেঞ্জের (এলএমই) গুদামগুলোয় আবারো কমতে শুরু করেছে তামার মজুদ। গত আটদিন ধরেই মজুদ নিম্নমুখী। চীন ধাতুটি ক্রয়ের পরিমাণ বাড়িয়ে দেয়ায় মজুদে টান পড়েছে। এটি বৈশ্বিক ঘাটতির পেছনে বড় ভূমিকা পালন করছে। চলতি বছরের প্রথম আট মাসে দেশটির নিট তামা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। তবে আগামী বছর ঘাটতির পরিবর্তে বিশ্ববাজারে ১ লাখ ৫৫ হাজার টনের উদ্বৃত্ত দেখা দিতে পারে।