এ বছরে ইন্দোনেশিয়া মোট ৪৮ কোটি ৯০ লাখ টন কয়লা উত্তোলন করবে। সম্প্রতি দেশটির জ্বালানি ও খনিজমন্ত্রী আরিফিন তাসরিফ সংসদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আগস্টে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, এবার দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন দাঁড়াবে ৬০ কোটি টন। পরে পণ্যটির উত্তোলন লক্ষ্য আবার কমিয়ে আনা হয়। কিন্তু কী কারণে জ্বালানি পণ্যটির উত্তোলন কমবে, সে বিষয়ে দেশটির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম শীর্ষ কয়লা উত্তোলনকারী দেশ। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে দেশটি প্রতি বছর আন্তর্জাতিক বাজারে প্রচুর কয়লা রফতানি করে। জ্বালানি পণ্যটির রফতানিতে দেশটির অবস্থান দ্বিতীয় শীর্ষ।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার কূপগুলো থেকে মোট ৩৯ কোটি টন কয়লা উত্তোলিত হয়েছে। উত্তোলিত কয়লার ৮ কোটি ২০ লাখ টন দেশটির অভ্যন্তরীণ কাজে ব্যবহার করা হয়েছে।

তবে এবার বিশ্বজুড়ে কয়লার চাহিদা ও ব্যবহার উল্লেখযোগ্য হারে কমেছে। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন খাতে। জার্মান, স্পেন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশ পরিবেশ ইস্যুকে কেন্দ্র করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র কমিয়ে আনছে। শীর্ষ ভোক্তা দেশ চীন সরকারও জ্বালানি ব্যবহারে সতর্ক অবস্থানে রয়েছে। বায়ুদূষণ রোধে এসব দেশ অপেক্ষাকৃত কম কার্বন নির্গমনকারী জ্বালানিতে ঝুঁকছে। বিশ্লেষকরা বলছেন, চলতি বছরে বিশ্বজুড়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা ৩ শতাংশ কমে আসতে পারে। সূত্র: রয়টার্স