আঞ্চলিক ছোট আকারের ফার্স্ট রিপাবলিক ব্যাংককে
বাঁচাতে তিন হাজার কোটি ডলার আমানত নিয়ে এগিয়ে এল যুক্তরাষ্ট্রের ১১টি ব্যাংক। কয়েকটি
ব্যাংকের পতনের পর দেশটির সরকার যখন আতঙ্ক দূরের চেষ্টা করছে তখন এই পদক্ষেপ নেয়া হলো।
খবর বিবিসি।
পরপর দুটি মার্কিন ব্যাংক বন্ধ ঘোষণার
পর এই খাত নিয়ে উদ্বেগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, তৈরি হয়েছে সংকটের আশংকা।
মার্কিন নিয়ন্ত্রকরা ১১ ব্যাংকের এই পদক্ষেপকে
‘স্বাগত’ জানিয়ে বলেছে,
ব্যাংকিং খাতে তাদের ‘আস্থা’ প্রতিফলিত করেছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) অর্থমন্ত্রী
জ্যানেট ইয়েলেন, ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েল, ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স
করপোরেশনের চেয়ারম্যান মার্টিন গ্রুয়েনবার্গ এবং ভারপ্রাপ্ত মুদ্রা নিয়ন্ত্রক মাইকেল
হু বিবৃতিতে বলেছেন, ১১টি ব্যাংক ফার্স্ট রিপাবলিক ব্যাংকে ৩০ বিলিয়ন ডলার আমানত ঘোষণা
করেছে।
পৃথক বিবৃতিতে ব্যাংক অব আমেরিকা, সিটিগ্রুপ,
জেপিমরগান চেজ এবং ওয়েলস ফার্গো জানায়, তারা প্রত্যেকে ফার্স্ট রিপাবলিক ব্যাংকে ৫০০
কোটি ডলার করে বিমাবিহীন আমানত রাখছে।
এছাড়া গোল্ডম্যান স্যাকস ও মরগান স্ট্যানলি
প্রত্যেকে ২৫০ কোটি ডলার করে এবং বিএনওয়াই মেলন, পিএনসি ব্যাংক, স্টেট স্ট্রিট, ট্রাইস্ট
ও ইউএস ব্যাংক প্রত্যেকেই ১০০ কোটি ডলার করে বীমাবিহীন আমানত দিচ্ছে।
সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক
পরপর বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের এ খাতে আতঙ্ক সৃষ্টি হয়। তখনই দেশটির নিয়ন্ত্রক
সংস্থাগুলোসহ হোয়াইট হাউজ অন্যান্য ব্যাংকের ওপর নজরদারি শুরু করে। এর মধ্যে ছিল ফার্স্ট
রিপাবলিক ব্যাংকসহ অন্যান্য ছোটখাটো প্রতিষ্ঠান।
এ বিষয়ে দিন দু-এক আগে হোয়াইট হাউজের কর্মকর্তারা
বলেন, এসভিবি ও সিগনেচার ব্যাংক বন্ধ করাসহ যেসব ব্যবস্থা হাতে নেয়া হয়েছে, তার বদৌলতে
সেখানকার ব্যাংকব্যবস্থা যথেষ্ট সুরক্ষিত।










