ইউরোপের বাজারে ফ্রান্সের গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমেছে। ফলে পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমেছে দেশটির গমের দাম। চলতি সপ্তাহে মৌসুমের শেষ দিকে এসে বাজারে রফতানি চাহিদা কম থাকায় এর দাম কমেছে। একই সঙ্গে উত্তর গোলার্ধের কৃষিপ্রধান অঞ্চলে ফসল সংগ্রহ বেড়ে যাওয়ায় গমের চাহিদা কমেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। খবর রয়টার্স।
আগামী মে মাসে এ গমগুলো সরবরাহ করার কথা ছিল। চলতি সপ্তাহে এর সরবরাহ মূল্য কমেছে দশমিক ৬ শতাংশ। ১ দশমিক ২ ইউরো কমে এর মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ২১৮ দশমিক ৫০ ইউরোতে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি সর্বনিম্নে ছিল খাদ্যশস্যটির দাম। অর্থাৎ মাত্র পাঁচ সপ্তাহ আগে প্যারিসের গমের মূল্য কমে দাঁড়িয়েছিল ২১৮ দশমিক ২৫ ইউরোতে।
ব্যবসায়ীরা বলছেন, নতুন-পুরনো গমের দামের তারতম্য ভবিষ্যৎ সরবরাহ বাজারেও কিছুটা প্রভাব ফেলেছে। দাম কম হওয়ায় ক্রেতা ও ব্যবসায়ীদের চাহিদা এখন নতুন গমের দিকে ঝুঁকেছে।










