শ্রম ঘাটতি নিরসন ও জনবল ধরে রাখাতে ৯৩ শতাংশ জাপানি কোম্পানি ২০২২ সালে কর্মীদের মজুরি বাড়িয়েছে। সম্প্রতি দেশটির ইনস্টিটিউট ফর লেবার পলিসি অ্যান্ড ট্রেনিং কর্তৃক পরিচালিত একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর জাপান টাইমস।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকার ক্রমবর্ধমান মূল্যের বিরূপ প্রভাব মোকাবেলায় একটি অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ তৈরি করছে, যা মজুরি বাড়াতে সাহায্য করেছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৬৮ শতাংশ জানান, তারা কর্মীদের অনুপ্রেরণা বাড়াতে মজুরি বাড়িয়েছেন। একই সঙ্গে প্রায় ৪২ শতাংশ অংশগ্রহণকারী অভিমত দেন, কর্মীদের ঘাটতি মেটাতে বেতন বাড়ানোর প্রয়োজনীয় ছিল। যেসব কোম্পানি মজুরি বৃদ্ধি বাস্তবায়ন করেনি, তাদের মধ্যে ৭০ শতাংশ ব্যবসায়িক মন্দাবস্থাকে কারণ হিসেবে উল্লেখ করেছে।
তাদের মধ্যে কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কভিড-১৯ মহামারীর কারণে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছে।
দুই মাস ধরে পরিচালিত জরিপে ১০ হাজার কোম্পানির মধ্যে ২ হাজার ৫৩০টি কোম্পানি অংশগ্রহণ করেছিল। জরিপের প্রকাশিত এ তথ্য জাপানি শ্রমবাজারে মজুরি বৈচিত্রতা ওপর আলোকপাত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।










