দক্ষিণ কোরিয়ার শীর্ষ চার আর্থিক প্রতিষ্ঠানের সম্মিলিত মুনাফা রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। দ্য কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে শিনহান, কেবি, ওরি ও হানার সম্মিলিত নিট মুনাফা হয়েছে ১৫ দশমিক ৮৫ ট্রিলিয়ন ওন বা ১ হাজার ২৫৩ কোটি ডলার, যা ২০২১ সালের রেকর্ড ১৪ দশমিক ৫৪ ট্রিলিয়ন ওনের রেকর্ড ভেঙে দিয়েছে। দক্ষিণ কোরিয়ার শীর্ষ চার ব্যাংকের মুনাফা বছরওয়ারি বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ।
২০২২ সালে সর্বোচ্চ ৪ দশমিক ৬৪ ট্রিলিয়ন ওন মুনাফা ঘরে তুলেছে শিনহান। তার পরই রয়েছে কেবি (৪ দশমিক ৪১ ট্রিলিয়ন ওন) ও হানা (৩ দশমিক ৬২ ট্রিলিয়ন ওন)। শীর্ষ চারের অন্য সদস্য ওরির নিট মুনাফা হয়েছে ৩ দশমিক ১৬ ট্রিলিয়ন ওন।
শীর্ষ চার ব্যাংকের উচ্চ মুনাফায় বড় ভূমিকা রেখেছে দেশটির উচ্চসুদহার। শিনহানের সুদ-সংক্রান্ত মুনাফা হয়েছে ১০ দশমিক ৬৭ ট্রিলিয়ন ওন, যা পূর্ববর্তী বছর থেকে ১৭ দশমিক ৯ শতাংশ বেশি। কেবির সুদ-সংক্রান্ত মুনাফা ১৮ দশমিক ৯ শতাংশ বেড়ে ১১ দশমিক ৩৮ ট্রিলিয়ন ওনে দাঁড়িয়েছে। এ খাত থেকে হানা ও ওরির মুনাফা হয়েছে যথাক্রমে ৮ দশমিক ৯১ ট্রিলিয়ন ও ৮ দশমিক ৬৯ ট্রিলিয়ন ওন।










