১০ কোটি দিরহাম বা তারও বেশি মূল্যে ভিলা বিক্রির মাইলফলক অর্জনের খুব কাছাকাছি চলে এসেছে দুবাইয়ের উদীয়মান সবচেয়ে বিলাসবহুল আবাসন প্রকল্প। তিলাল আল গাফ মাস্টার ডেভেলপমেন্টের লানাই দ্বীপে আট বেডরুমের একটি ভিলা ফেব্রুয়ারির শুরুর দিকে বিক্রি হয় সাড়ে ৯ কোটি দিরহামে। ভিলাটি কিনেছে একটি ভারতীয় পরিবার। খবর গালফ নিউজ।

৩০ হাজার ২০০ বর্গফুটের এ বাড়ির খুব কাছেই থাকবে একটি উপহ্রদ। বাড়িটি ২০২৭ সালের প্রথম প্রান্তিকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে মেট্রোপলিটন প্রিমিয়াম প্রোপার্টিজের একজন কর্মকর্তা। চুক্তি সম্পন্নকারী এ কর্মকর্তা জানান, মাজিদ আল ফুত্তাইম প্রোপার্টিজ থেকে এটি সরাসরি কিনে নেয়া হয়েছিল। সেখানে ২৬ হাজার বর্গফুটের প্লট থাকবে বলে জানান এমপিপির সিইও নিকিতা কুজনেটসভ।

তিলাল আল গাফের দুটি ব্যক্তিগত দ্বীপের একটি লানাই দ্বীপ। সেখানে ১৩টি প্রাসাদ আছে, যার মধ্যে নয়টি ‘‌কুল’ ম্যানসন আর চারটি ‘‌কিনারা’। ক্রিস্টাল উপহ্রদ থেকে ১ দশমিক ২ কিলোমিটারের মধ্যে এগুলোর অবস্থান। 

গত বছরের শেষ নাগাদ মাজিদ আল ফুত্তাইম নিশ্চিত করে, দুটি দ্বীপ প্রকল্প নেয়া হচ্ছে তিলাল আল গাফের মধ্যে। এটি শেখ জায়েদ বিন হামদান আল নাহয়ান স্ট্রিট এবং হেস্যা স্ট্রিটের সংযোগস্থলের কাছে অবস্থিত। ডিএক্সবিইন্টার‍্যাক্ট ডটকমের তথ্য অনুযায়ী তিলাল আল গাফে প্রাসাদ ও প্লট বিক্রির গড় ২ কোটি দিরহামের মাত্রা স্পর্শ করেছে। তার মধ্যে কোনো কোনোটির দাম ৪ কোটি ৪০ লাখ দিরহাম বা এর কাছাকাছি হয়েছে। সুতরাং সেদিক থেকে সাড়ে ৯ কোটিতে বিক্রির তথ্য সর্বোচ্চ সীমা আরো বাড়িয়ে দিল। 

ডেভেলপাররা এই দ্বীপে সম্পদ বা প্লটের সংখ্যা খুব সীমিত রাখার চেষ্টা করেছে। বাজারসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শিগগিরই ১০ কোটির বেশি দিরহামে চুক্তির ঘটনা ঘটবে। এমপিপির সেলস ম্যানেজার ওইবেক শামসিদ্দিনভ সাম্প্রতিক এ লেনদেনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ভারতীয় যে ক্রেতা ভিলাটি কিনেছেন দুবাইয়ে তার আরো বেশকিছু সম্পদে বিনিয়োগ রয়েছে। শামসিদ্দিনভ বলেন, ‘‌তারা এমন একটি সম্পদ খুঁজছিল যেখানে পরিবার নিয়ে বসবাস করতে পারবে। ৩১ জানুয়ারি তাদের ভিলা দেখানোর জন্য রাজি করাতে পারি, তারপরের দিনই তারা সেটি কিনে নেন।’

শামসিদ্দিনভ বলেন, ‘‌তারা কমিউনিটি প্রজেক্ট, ভিলার লেআউট এবং এর ফিনিশিং সত্যিই পছন্দ করেছে। দুবাইয়ের পাম জুমেইরাতে এ ধরনের একটি ভিলার দাম পড়বে ২৫ কোটি দিরহাম।’