নভেল করোনাভাইরাস প্রতিরোধে গৃহীত লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ শিথিল হওয়ায় গত বছরের দ্বিতীয়ার্ধে ভারতে স্বর্ণের চাহিদায় উল্লম্ফন দেখা দেয়। এর মধ্যে উৎসব ও বিয়ের মৌসুম শুরু হওয়ায় চাহিদা রেকর্ড পর্যায়ে পৌঁছে। মূল্যবান ধাতুটিতে বিনিয়োগও বেড়ে যায়। চলতি বছরও চাহিদায় ঊর্ধ্বমুখিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মূল্যবান ধাতুটির বেসরকারি গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান মেটালস ফোকাস জানায়, ভারতে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া অব্যাহত আছে। তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে মূল্যবান ধাতুটির দামও। ফলে চলতি বছরজুড়ে ভারতে স্বর্ণের চাহিদা বাড়বে লক্ষণীয় মাত্রায়।

তথ্য বলছে, সদ্য বিদায়ী বছরে ভারত ঊর্ধ্বমুখী চাহিদায় সাড়া দিতে গিয়ে রেকর্ড পরিমাণ স্বর্ণ আমদানি করে। এপ্রিল-নভেম্বর পর্যন্ত দেশটি ৩ হাজার ৩২৩ কোটি ডলারের স্বর্ণ আমদানি করে, যা নয় বছরের সর্বোচ্চ। ২০২০ সালের একই সময়ের তুলনায় আমদানি প্রায় ৫০ শতাংশ বেড়েছে।