দেশের পুঁজিবাজারে এক কার্যদিবস পতনের পর গতকাল ফের ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ দিন সব সূচক ও লেনদেন বেড়েছে। এক্সচেঞ্জটিতে কেবল মিউচুয়াল ফান্ড ছাড়া সব খাত থেকেই ইতিবাচক রিটার্ন এসেছে। পাশাপাশি এ দিন ডিএসইতে গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই সূচক ঊর্ধ্বমুখী ছিল। মাঝে সূচক কিছুটা কমলেও দিন শেষে তা ৭৫ পয়েন্ট বেড়েছে। সূচকের সর্বশেষ অবস্থান ৬ হাজার ৩৫৫ পয়েন্টে। এর আগের কার্যদিবস শেষে যা ছিল ৬ হাজার ২৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল ২ হাজার ২৪৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯১ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৮০ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, ডেল্টা লাইফ, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইপিডিসি ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স ও বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারের।

ডিএসইতে গতকাল ১ হাজার ৭৭৭ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে এর আগের কার্যদিবসে লেনদেন ছিল ১ হাজার ১৩৩ কোটি টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটিতে গতকাল আগের কার্যদিবসের চেয়ে ৫৬ দশমিক ৮০ শতাংশ লেনদেন বেড়েছে। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২৩৪টির, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত ছিল ৯১টি সিকিউরিটিজের বাজারদর।

বাজার বিশ্লেষকরা বলছেন, রাশিয়া থেকে শস্য ও তেল আমদানির খবর গতকাল পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চয় বাড়িয়েছে। পাশাপাশি অর্থনীতিতে চলমান সংকট দ্রুত সময়ের মধ্যে কেটে যাওয়ার প্রত্যাশা করছেন তারা। এসব কারণে গতকাল পুঁজিবাজারে নতুন বিনিয়োগ বেড়েছে।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১২ দশমিক ৩ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ১০ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান খাত। মোট লেনদেনের ৯ দশমিক ৬ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে রয়েছে বিবিধ খাত। আর প্রকৌশল খাতের দখলে রয়েছে লেনদেনের ৭ দশমিক ৬ শতাংশ। গতকাল কেবল মিউচুয়াল ফান্ড খাতে দশমিক ২ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। বাকি সব খাত থেকেই এ দিন ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ দশমিক ৪ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে সেবা ও আবাসন খাত থেকে।

অন্যদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৮৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে যা ছিল ১১ হাজার ৮৮ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১৩৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৮ হাজার ৫০৪ পয়েন্টে। এ দিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৭০টির আর অপরিবর্তিত ছিল ৭৬টির বাজারদর। গতকাল সিএসইতে ৩৬ কোটি ২০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৮ কোটি ৮৫ লাখ টাকা।