ইউনাইটেড অটো ওয়ার্কার্স (ইউএডব্লিউ) এবং জেনারেল মোটরসের (জিএম) শ্রমিক ইউনিয়ন এবং ডেট্রয়েট গাড়ি নির্মাতাদের মধ্যে অস্থায়ী চুক্তি হয়েছে। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রমিক অস্থিরতার অবসান হতে যাচ্ছে। একই সঙ্গে শ্রমিকদের মজুরি বাড়ানো হচ্ছে।

জিএম, ফোর্ড মোটর এবং স্টেলান্টিসের সঙ্গে ১ লাখ ৪৬ হাজার শ্রমিকের প্রায় এক-তৃতীয়াংশ ১৪ সেপ্টেম্বরের মধ্যে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ধর্মঘট শুরু হয়। খবর সিএনবিসি।

ইউএডব্লিউ জানিয়েছে, এ অস্থায়ী চুক্তিটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, জিএম হলো একমাত্র ডেট্রয়েট গাড়ি নির্মাতা যার একটি ব্যাটারি প্লান্ট রয়েছে।

ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়ন জেনারেল মোটরসের সঙ্গে একটি প্রাথমিক শ্রম চুক্তিতে পৌঁছেছে, যা প্রথমবারের মতো চুক্তিতে ব্যাটারি প্লান্ট শ্রমিকদের অন্তর্ভুক্ত করেছে। বিশেষ করে এলজি এনার্জি সলিউশনের সঙ্গে জিএমের যৌথ উদ্যোগে ব্যাটারি ফ্যাক্টরি আলটিয়াম সেলের কর্মীদের পাশাপাশি একটি নতুন ‘‌সাব-সিস্টেম’ বিভাগের কর্মীরা এ চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছে।

চুক্তির উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে রয়েছে, বেশির ভাগ শ্রমিকের জন্য ২৫ শতাংশ মজুরি বাড়ানো হবে। জীবনযাত্রার ব্যয় সমন্বয়সহ বর্ধিত সুবিধা দেয়া হবে। এ বেতন বৃদ্ধির ফলে নতুন চুক্তির অধীনে প্রবীণ কর্মীদের জন্য প্রতি ঘণ্টায় সর্বোচ্চ মজুরির হার ৪২ ডলারেরও বেশি হবে, যা বর্তমানে প্রতি ঘণ্টায় প্রায় ৩৩ ডলার রয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য প্রাথমিক মজুরি প্রায় ৭০ শতাংশ বেড়ে প্রতি ঘণ্টায় ৩০ ডলারেরও বেশি হবে, যা এখন প্রতি ঘণ্টায় প্রায় ১৮ ডলার রয়েছে।

সম্মিলিতভাবে গত কয়েক সপ্তাহ ধরে জিএম, ফোর্ড এবং স্টেলান্টিসে ধর্মঘট গাড়ি নির্মাতাদের জন্য ব্যয়বহুল ছিল।

ফোর্ড জানিয়েছে, ধর্মঘটের কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় ১৩০ কোটি ডলার ক্ষতি হয়েছে।

জিএম জানিয়েছে, তাদের প্রায় ৮০ কোটি ডলার ক্ষতি হয়েছে। অনুমোদিত হলে নতুন জিএম চুক্তি অনুযায়ী প্রতি গাড়ির নির্মাণে শ্রম ব্যয় ৮৫০ থেকে ৯০০ ডলার পর্যন্ত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন এক দশকেরও বেশি সময় আগে আর্থিক সংকটের সময় অটোশ্রমিকদের আত্মত্যাগের স্বীকৃতি দিয়ে এ চুক্তিগুলোর প্রশংসা করেছেন।