কনটেইনার সেবাকে যুগোপযোগী করতে ২০১৬ সালে প্রতিষ্ঠা করা হয় কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল)। দীর্ঘদিন স্থবির থাকার পর অবশেষে আলোর মুখ দেখেছে বাংলাদেশ রেলওয়ের সহযোগী প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার সাড়ে পাঁচ বছর পর একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে  ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণে চুক্তি করতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকার একটি হোটেলে আজ এ-সংক্রান্ত একটি চুক্তি করবে উভয় প্রতিষ্ঠান। চুক্তির পর দুই বছরের মধ্যে আইসিডি কার্যক্রম সম্পন্ন করবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে সড়ক ও নৌ-পথের পাশাপাশি রেলপথে কনটেইনার পরিবহন উল্লেখযোগ্য পরিমাণ বাড়বে বলে আশা করছেন খাতসংশ্লিষ্টরা।    

রেলপথে কনটেইনার পরিবহন বাড়াতে ২০১৬ সালের ১৭ মে সিসিবিএল নামে স্বতন্ত্র কোম্পানিটি গঠন করে রেলপথ মন্ত্রণালয়। দীর্ঘদিন কাগুজে প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনার পর চট্টগ্রামে আইসিডি নির্মাণে সিসিবিএলের অনুকূলে ২১ দশমিক ২৯ একর জায়গা বরাদ্দ দেয় রেলওয়ে।

জানা গেছে, প্রতিষ্ঠার পর নির্ধারিত জমির জন্য কার্যক্রম শুরু করতে পারেনি সিসিবিএল। এরপর জমি বরাদ্দ পাওয়ার পরও নানা কারণে আটকে ছিল আইসিডি নির্মাণের কাজ। সর্বশেষ কভিড-১৯ পরিস্থিতির কারণেও নির্মাণকাজ বিলম্বিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের পাশে আইসিডি নির্মাণে দেশীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানকে কাজ দেয়ার দরপত্র চূড়ান্ত করেছে সিসিবিএল কর্তৃপক্ষ।

সিসিবিএল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেককে প্রায় ২৫০ থেকে ৩০০ কোটি টাকা বিনিয়োগে নতুন আইসিডি নির্মাণের দায়িত্ব দেয়া হচ্ছে। দরপত্রে দেশী-বিদেশী ১৪টি প্রতিষ্ঠান অংশ নিলেও শুধু কঠিন শর্তের কারণে সাইফ পাওয়ারটেককে নির্বাচন করা হয়েছে। বন্দরসংলগ্ন রেলওয়ের  চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) এলাকায়  রেলওয়ের মালিকানাধীন ২১ দশমিক ২৯ একর জায়গায় নির্মিত হবে এ আইসিডি। উন্নত যন্ত্রপাতি ব্যবহার করলে বছরে এক লাখেরও বেশি কনটেইনারের শুল্কায়নসহ এখান থেকেই দেশব্যাপী পরিবহন করা সম্ভব হবে।

বাংলাদেশ রেলওয়ের পরিবহন বিভাগের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও বর্তমানে সিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক  বেলাল উদ্দিন এ বিষয়ে বণিক বার্তাকে বলেন, দরপত্রে কনটেইনার টার্মিনাল পরিচালনা, বার্ষিক ন্যূনতম ৫০ হাজার টিইইউস কনটেইনার হ্যান্ডলিংসহ আইসিডি সেক্টরে অভিজ্ঞতার শর্ত ছিল। কীভাবে জায়গা ডেভেলপ করবে, তার ডিজাইন নকশা, আর্থিক ব্যবস্থাপনা, আইসিডি পরিচালনার পরিকল্পনা দেয়ারও শর্ত ছিল। অভিজ্ঞতা না থাকায় শিডিউল কেনার পরও ১৩টি প্রতিষ্ঠান জমা দেয়নি।

সিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক  আরো জানান, নির্বাচিত হওয়া প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক চুক্তির শর্ত অনুযায়ী আইসিডির নির্মাণ ও পরিচালনা করবে। সাইনিং মানি হিসেবে সিসিবিএলকে ৭ কোটি টাকা দেবে তারা। আইসিডি পরিচালনা করে যে লাভ হবে তার ২১ দশমিক ৫০ শতাংশ সিসিবিএলকে দেবে প্রতিষ্ঠানটি। এতে বিনিয়োগ হবে প্রায় ২৫০ থেকে ৩০০ কোটি টাকা।