১৫ জুন থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শ্রমিকদের মধ্যাহ্নবিরতির সময় বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গ্রীষ্মের এ দাবদাহে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতি পাবেন দেশটিতে কর্মরত শ্রমিকরা। সম্প্রতি দেশটির এক শীর্ষ সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

ইউএইর মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় জানায়, প্রকল্পে ও নির্মাণাধীন সাইটে শ্রমিকদের জন্য দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত মধ্যাহ্নবিরতি থাকবে। এ বিষয়ে মুহসেন আল নাসি নামে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, পোশাগত স্বাস্থ্য ও নািপত্তার কথা বিবেচনা করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রমিকদের মধ্যাহ্ন বিরতি বাড়ানো হয়েছে।

১৫ জুন থেকে আগামী সেপ্টেম্বরের ১৫ পর্যন্ত রোজ ১২টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত মধ্যাহ্নবিরতির সময় ঘোষণা করেছে মন্ত্রণালয়। তবে যেসব কাজ অব্যাহতভাবে চালিয়ে যেতেই হবে, সে কাজগুলো মন্ত্রণালয়ের নির্দেশের আওতাভুক্ত নয়। মূলত গ্রীষ্মকালে অত্যধিক গরমে শ্রমিকদের হিটস্ট্রোক বা অসুস্থ হয়ে যাওয়া থেকে সুরক্ষা করতেই দুপুরে এ বিরতির ঘোষণা দিয়েছে ইউএই মন্ত্রণালয়। বিরতির সময় সরকার ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে বিভিন্ন সতর্কতামূলক নির্দেশনা প্রচার করা হবে।

পাশাপাশি কর্মীদের সুবিধার্থে প্রতিষ্ঠানগুলোয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা করার আহ্বান জানায় মন্ত্রণালয়।