ডিজিটাল প্রিন্টিং মেশিন প্রস্তুতকারক কনিকা মিনোল্টা, জাপান এবং তাদের বাংলাদেশী অংশীদার জিশান গ্রুপের যৌথ আয়োজনে কনিকা মিনোল্টা প্রোডাক্ট উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর হোটেল শেরাটনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কনিকা মিনোল্টা ডিজিটাল টেকনোলজির উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন জেনারেল ম্যানেজার, রিজিওনাল সেলস অ্যান্ড মার্কেটিং এইচকিউ ফ্রান্সিস চুয়া ও তার দলের সদস্যরা। এ সময় জিশান গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শাহাব উদ্দিন খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জোয়ানা শাহাব খান ও ডিরেক্টর জিশান শাহাব খান উপস্থিত ছিলেন। এ সময় তারা প্রিন্টিং ও প্যাকেজিং শিল্পে চলমান ডিজিটাল রূপান্তর নিয়ে বক্তব্য দেন।
এতে আরো উপস্থিত ছিলেন, দেশের সরকারি ও বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রিন্টিং ও প্যাকেজিং প্রতিষ্ঠানের উচ্চপদস্থ প্রতিনিধিরা।
অনুষ্ঠানে কনিকা মিনোল্টার তিনটি নতুন সিরিজের মেশিনের গ্র্যান্ড উন্মোচন করা হয়। পরবর্তীতে প্রতিটি সিরিজের প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও অগ্রগতির দিক নিয়ে কনিকা মিনোল্টার বিশেষজ্ঞরা বিস্তারিত আলোচনা করেন।
এ ছাড়া অনুষ্ঠানে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আন্তর্জাতিক ডিজিটাল প্রিন্টিং ট্রেন্ড, দেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, এবং সেক্টরের ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করেন।
সেমিনারের শেষে নতুন সিরিজের লাইভ ডেমো, বিভিন্ন প্রকার প্রিন্টিং প্রোটোটাইপ প্রদর্শনী এবং সর্বশেষ প্রযুক্তির বাস্তব অভিজ্ঞতা উপস্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরে।- বিজ্ঞপ্তি










