কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অটোমোবাইল শিল্প। কভিডজনিত বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ায় মার্কিন গাড়ি নির্মাতা টেসলা চীনের সাংহাইয়ে গাড়ি উৎপাদন কভিডপূর্ব অবস্থায় ফেরানোর পরিকল্পনা করেছিল। সম্প্রতি টেসলার পরিকল্পনা বিলম্বিত হওয়ার তথ্য মিলেছে। খবর রয়টার্স।

জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম শহর সাংহাইয়ে গতকাল থেকে দৈনিক ২ হাজার ৬০০টি গাড়ি উৎপাদনের কথা ছিল। তবে সাংহাইয়ের কারখানায় দৈনিক ১ হাজার ২০০ ইউনিট গাড়ি উৎপাদন হচ্ছে। বাড়তি গাড়ি উৎপাদনের পরিকল্পনা পিছিয়ে দেয়া হয়েছে। ২৩ মে থেকে উৎপাদন ২ হাজার ৬০০ ইউনিটের নতুন লক্ষ্য নির্ধারণ করেছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

কার্যক্রম পরিচালনায় নিয়োজিত কর্মী সংকটের চ্যালেঞ্জ রয়েছে ইলোন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটির সামনে। পাশাপাশি সরবরাহ অনিশ্চয়তাও তৈরি হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অসম্মতি প্রকাশ করেছে টেসলা।

এদিকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সম্প্রতি সক্ষমতার বেশ কম কার্যক্রম ছিল সাংহাইয়ে অবস্থিত টেসলার কারখানায়। এ সংকটে নতুন করে ইন্ধন জুগিয়েছে চীনে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি।