টানা তিন বছরের মন্দা ভাব কাটিয়ে গত বছর ঘুরে দাঁড়িয়েছিল ইউক্রেনে যবের সমাপনী মজুদ। তবে বছরের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির মজুদ ফের মন্দার মুখে পড়তে যাচ্ছে বলে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। প্রতিষ্ঠানটির মতে, ২০২০ সাল শেষে ইউক্রেনে যবের সমাপনী মজুদ আগের বছরের তুলনায় সাড়ে ৭ শতাংশের বেশি কমে ১২ লাখ টনের নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।

ইউএসডিএর ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর শেষে ইউক্রেনে যবের সমাপনী মজুদের পরিমাণ দাঁড়াতে পারে ১১ লাখ ৪৮ হাজার টনে। এক বছরের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির মজুদ কমতে পারে ৭ দশমিক ৬৪ শতাংশ। ২০১৯ সাল শেষে ইউক্রেনে যবের সমাপনী মজুদ ছিল ১২ লাখ ৪৩ হাজর টন। অর্থাৎ এক বছরে দেশটিতে যবের মজুদ কমে আসতে পারে প্রায় এক লাখ টন।