পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। এজিএমে লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে আইসিবির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৪৫ পয়সায়।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আইসিবির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পনিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭৯ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে আইসিবির ইপিএস হয়েছে ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ৯৫ পয়সায়।
১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮৬৭ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯০২ কোটি ৫৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৬ কোটি ৭২ লাখ ৫৮ হাজার ৯৬১। এর ৬০ দশমিক ২০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া সরকারের কাছে ২৭, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৫৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২ দশমিক ২৩ শতাংশ শেয়ার রয়েছে।










