ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে ও এমএনসি ব্যাংকিং বিভাগের সহযোগিতায় আয়োজিত এ আলোচনায় নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, বিদেশী বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতারাসহ গুরুত্বপূর্ণ অংশীজনরা অংশ নেন করেন। এমটিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কর্মশালায় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণ এবং টেকসই এফডিআই আকর্ষণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ-চায়না কালচারাল, ইকোনমিক অ্যান্ড মাস কমিউনিকেশন সেন্টারের (বিসিসিইএমসিসি) সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি। তিনি তার বক্তব্যে নীতিগত ধারাবাহিকতা, অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে দেশের বৈদেশিক বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিয়াউর রহমান। তিনি ব্যবসা পরিচালনার সহজীকরণ, বিনিয়োগকারীদের আস্থা জোরদার এবং দেশী-বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো ছিলেন এমটিবির এমডি ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। তিনি বিদেশী বিনিয়োগ সহজতর করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন।

কর্মশালায় চীনা বিনিয়োগকারী ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। তারা নীতিগত সংস্কার, বিনিয়োগ সহায়তা এবং বাংলাদেশের উদীয়মান সম্ভাবনা বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করেন।

এমটিবির শাখা ব্যবস্থাপক, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার ও বিভিন্ন বিভাগের প্রধানরা সক্রিয়ভাবে কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠানের সমাপ্তিতে ধন্যবাদ জ্ঞাপন করেন হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মামুন ফারুক।