চলতি বছরের এপ্রিলে সৌদি আরবের শিল্পোৎপাদন সূচক গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এ হার গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (গ্যাস্ট্যাট) এ তথ্য প্রকাশ করেছে। খবর আরব নিউজ।
২০১৯ সালের জানুয়ারির পর এ বছরের এপ্রিলে সৌদির শিল্পোৎপাদন সূচক সর্বোচ্চ ছিল। খনন, খনি ও উৎপাদন খাতে ঊর্ধ্বমুখিতার কারণে দেশটির শিল্পোৎপাদন বেড়েছে। এপ্রিলে খনন ও খনি খাত গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২৮ দশমিক ৩ শতাংশ। দেশটি এবার সর্বোচ্চ জ্বালানি তেল উৎপাদন করেছে। এপ্রিলে দৈনিক জ্বালানি তেল উৎপাদন ছিল এক কোটি ব্যারেল।
এদিকে জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর সংস্থা ওপেকের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের দেশটির এপ্রিলে অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন ছিল দৈনিক ১ কোটি ৪ লাখ ৪১ হাজার ব্যারেল। অথচ মার্চে এর পরিমাণ ছিল ১ কোটি ৩ লাখ ব্যারেল। গত বছরের জুলাইয়ের পর এটিই আগের মাসের তুলনায় সর্বাধিক অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন।










