পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ৫০০ কোটি টাকার নন কনভার্টিবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট বিশিষ্ট ফুললি রিডেমেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৩৮তম কমিশন সভায় গতকাল এ অনুমোদন দেয়া হয়।
সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইবিএলের প্রস্তাবিত সাত বছর মেয়াদি ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন। বন্ডটির কুপন হার হবে ৬ শতাংশ থেকে ৯ শতাংশের মধ্যে। এ বন্ডের অভিহিত মূল্য ১ কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, করপোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড ইস্যু করা হবে।
বন্ড ইস্যুর মাধ্যমে ইবিএল কর্তৃপক্ষ তাদের ব্যাংকের টিয়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে এবং প্রচলিত ব্যবসায় বিনিয়োগ করবে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। শর্ত অনুসারে বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত হবে।
এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি ডিএসইর মাধ্যমে ব্যাংকটি জানায় তারা সাত বছর মেয়াদি এ বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেয়ার কথাও জানানো হয় তখন।
১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৭৩ কোটি ১০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯০ কোটি ৭৯ লাখ টাকা।










